
সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকারের যৌন লালসার শিকার নারী কর্মচারী
কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকারের বিরুদ্ধে দীর্ঘদিনের অনৈতিক সম্পর্ক, হুমকি ও আর্থিক অনিয়মের অভিযোগ প্রকাশ্যে এসেছে।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় নিজ বাড়িতে সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সামনে উপস্থিত হয়ে ভুক্তভোগী এক নারী কর্মচারী কান্নাজড়িত কণ্ঠে এসব অভিযোগ তুলে ধরেন।
অভিযোগে তিনি জানান, হাসপাতালের প্যাথলজি ডিপার্টমেন্টে আউটসোর্সিংয়ে কাজ করার সুবাদে পরিচালক বারবার তাকে অফিসে ডাকতেন এবং চাকরির ভয় দেখিয়ে অনৈতিক প্রস্তাব দিতেন। এমনকি একাধিকবার তার বাসায় যাওয়া এবং বিয়ের প্রলোভন দেখানোর কথাও প্রকাশ করেন ওই নারী। তিনি অভিযোগ করেন, চাকরি হারানোর ভয় দেখিয়ে তাকে মানসিক নির্যাতন, এমনকি বন্দুকের ভয়ও দেখানো হয়েছে।
এছাড়া হাসপাতালের বিভিন্ন আর্থিক অনিয়মের কথাও তুলে ধরেন তিনি। সরকারি দিবসে বিনামূল্যে টিকিট দেওয়ার নিয়ম থাকলেও সেসব টিকিট অর্থের বিনিময়ে বিক্রি করে পুরো অর্থ পরিচালক আত্মসাৎ করতেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
এ বিষয়ে যোগাযোগ করা হলে পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকার সাংবাদিক পরিচয় জানার পর ফোন রেখে দেন এবং পরবর্তী কল রিসিভ করেননি।
জেলা সিভিল সার্জন ডা. অভিজিত শর্ম্মা জানান, “আমার কাছে এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
রিপোর্ট বার্তাবাহক কিশোরগঞ্জ
৩১শে আগস্ট ২০২৫ইং