
কুমিল্লায় বরকত উল্লাহ বুলুর বক্তব্য: ‘হযরত ওমরের পর সৎ রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান’
কুমিল্লার লাকসামে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, “মুসলিম বিশ্বে হযরত ওমরের পর যদি কোনো সৎ, যোগ্য ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক এসে থাকেন, তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার সময় গলায় রুপার চেইনে একটি ছোট্ট কবজ (তাবিজ) রাখতেন, যা আসলে ছিল ৩০ পারা কোরআন শরিফ। “তিনি বুকের সঙ্গে কোরআন নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন,” যোগ করেন তিনি।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে লাকসাম পৌর অডিটোরিয়ামে লাকসাম, মনোহরগঞ্জ উপজেলা ও লাকসাম পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বরকত উল্লাহ বুলু।
যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করেন না, তাদের ভোট চাওয়া বা নির্বাচন করার অধিকার নেই উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব টিকে থাকবে না। আইনশৃঙ্খলাসহ নানা সংকট উত্তরণের একমাত্র পথ হচ্ছে নির্বাচন।
সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম, কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
— বার্তাবাহক কিশোরগঞ্জ
১৪ই আগস্ট ২০২৫