টাঙ্গাইলে তোফাজ্জল হোসেনের অভিযোগ: “এই পুলিশ দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়”
বার্তাবাহক কিশোরগঞ্জ
১৫ আগস্ট ২০২৫
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন অভিযোগ করেছেন, বর্তমান পুলিশ প্রশাসন দেশের জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ। তিনি বলেন, “বাংলাদেশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব হল পুলিশ প্রশাসনের। কিন্তু আমরা এই ১ বছরে যে পুলিশ প্রশাসন পেয়েছি, এই পুলিশ প্রশাসন দেশের জনগণের নিরাপত্তা দিতে পারেনি।”
বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন থেকে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তোফাজ্জল হোসেন বলেন, “আজকে পুলিশ সদস্যরা জনগণের নিরাপত্তা দিবে, সেই পুলিশ সদস্যের সামনে একজনের মাথা থেতলে দেয়, সেই পুলিশ সদস্যরা নীরব দর্শকের মতো তাকিয়ে তাকিয়ে দেখে। এই পুলিশ বাহিনী দিয়ে আগামী নির্বাচনে যদি ভোট কেন্দ্রে নিরাপত্তা দেয়া হয়, তাহলে কোন দিনই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব না।”
তিনি আরও বলেন, “এরা তো একটি মানুষকে রক্ষা করতে পারে না, ভোট কেন্দ্র কিভাবে রক্ষা করবে? ফেব্রুয়ারিতে বলা হচ্ছে নির্বাচন। কিন্তু বাংলাদেশের যে প্রশাসনিক ব্যবস্থা এবং সরকারের যে নাজেহাল ও লেজে গোবরে অবস্থা, পাগলেও বিশ্বাস করবে না এই সরকার ও পুলিশ দিয়ে আগামী ৫-৬ মাস পরে একটি সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন দেয়া সম্ভব। হাসিনার আমলে যে ভোট ডাকাতি, চুরি ও দফল হয়েছে, সামনের ৬ মাস পরে তার চেয়ে ভয়ানক পরিস্থিতি হবে।”
গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, “আমরা বলেছি একটি জাতীয় সরকার গঠন করা দরকার। যদি জাতীয় সরকার হতো তাহলে এভাবে অত্যাচার, জুলুম, নির্যাতন হতো না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ছোট-বড় প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে থাকতো।”
এসময় জেলা শাখার গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর, ছাত্র অধিকার পরিষদ টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক নবাব আলীসহ জেলা গণঅধিকার পরিষদ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাহক ডেস্ক

