Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাSunday , 4 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কিশোরগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. শিক্ষাঙ্গন
  14. সর্বশেষ
  15. সারাদেশ
আজকের সর্বশেষ খবর

পদ্মার চরে গভীর রাতে ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

Link Copied!

পদ্মার চরে গভীর রাতে ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা।

পদ্মার চরে রাতের আঁধারে বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় সোহেল রানা (৩৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় গুলিতে আহত হয়েছেন তাঁর স্ত্রী স্বাধীনা খাতুন (৩০)।

শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের করারি নওশারা চরে এ ঘটনা ঘটে। নিহত সোহেল রানা ওই এলাকার কালু মণ্ডলের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ অক্টোবর রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী ও কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তবর্তী খানপুরের হবির চরের দক্ষিণে চৌদ্দ হাজার মাঠ এলাকায় খড় কাটাকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। এতে খানপুরের মিনহাজ মণ্ডলের ছেলে আমান মণ্ডল (৩৬) এবং একই গ্রামের শুকুর মণ্ডলের ছেলে নাজমুল হোসেন (৩৩) নিহত হন। পরদিন ২৮ অক্টোবর হবির চর এলাকা থেকে কুষ্টিয়ার লিটন হোসেন নামের আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনার জেরে প্রতিশোধমূলক হামলা হতে পারে বলে স্থানীয়দের ধারণা।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, আগের ওই হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ‘কাকন বাহিনী’র লোকজন রাতের আঁধারে বাড়িতে ঢুকে অতর্কিত গুলি চালায়। এতে সোহেল রানা ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং তাঁর স্ত্রীও গুলিবিদ্ধ হন।

গুলির পর স্থানীয়রা দুজনকে উদ্ধার করে রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হুমায়রা খাতুন সোহেল রানাকে মৃত ঘোষণা করেন। আহত স্বাধীনা খাতুনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর হাতে গুলি লেগেছে বলে জানা গেছে।

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মণ্ডল বলেন, আগের হত্যাকাণ্ডের জের ধরে দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Click to listen highlighted text!