ঢাকাTuesday , 20 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

দেশের সব মাদরাসায় যৌন হয়রানি প্রতিরোধে অভিযোগ কমিটি গঠনের নির্দেশ

Link Copied!

যৌন হয়রানি প্রতিরোধে দেশের সব সরকারি ও বেসরকারি মাদরাসায় অন্তত পাঁচ সদস্যের অভিযোগ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। কমিটিতে অধিকাংশ সদস্য নারী রাখার পাশাপাশি সম্ভব হলে নারীকে সভাপতি করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও যৌন হয়রানি প্রতিরোধে গঠিত অভিযোগ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ কে মুহা. নুরুল ইসলাম এ নির্দেশনা জারি করেন।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি মাদরাসায় অভিযোগ কমিটি গঠনের পর ই-মেইল অথবা ডাকযোগে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অভিযোগ কমিটির সভাপতিকে বিষয়টি জানাতে হবে।

এ ছাড়া প্রতিটি মাদরাসায় স্বচ্ছ কাঁচের অভিযোগ বক্স স্থাপন করতে হবে। সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে কমিটির সদস্যদের উপস্থিতিতে বক্সটি খুলতে হবে। যৌন হয়রানি প্রতিরোধে গঠিত কমিটির কার্যক্রমের প্রতিবেদন প্রতি মাসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো অভিযোগ পাওয়া গেলে কমিটিকে গুরুত্বের সঙ্গে তা নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে ভুক্তভোগীকে আইনের আশ্রয় নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়াই এ নির্দেশনার মূল উদ্দেশ্য।

হাইকোর্টের রিট পিটিশন নম্বর ৫৯১৬/২০০৮-এর রায়ের আলোকে এ নির্দেশনা পুনরায় জারি করা হয়েছে। এর আগে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ২০২৩ সালের ১৬ জানুয়ারি এ-সংক্রান্ত একটি স্মারক জারি করেছিল। ওই স্মারকের পরিপ্রেক্ষিতেই নতুন করে নির্দেশনাটি দেওয়া হয়।