ওমর ফারুক স্টাফ রিপোর্টার | বার্তাবাহক ডেস্ক
আসন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ লক্ষ্যে দেশের সকল সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে চিঠি জারি করা হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন সহায়তা-৩ শাখা থেকে ১৫ জুলাই ২০২৬ তারিখে জারি করা এ নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন), পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ অনুযায়ী ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করতে হবে।
নির্দেশনা অনুযায়ী আগামী ১০ আগস্ট ২০২৬ তারিখে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি গ্রহণের শেষ তারিখ ১৮ আগস্ট ২০২৬, আর দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ ২৩ আগস্ট ২০২৬ নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে ২৭ আগস্ট ২০২৬ তারিখে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ভোটকেন্দ্র নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং ভোটারদের জন্য নিরাপদ ও সুবিধাজনক কেন্দ্র নির্বাচন করতে হবে। প্রয়োজনে অস্থায়ী ভোটকেন্দ্র স্থাপনের ক্ষেত্রেও নীতিমালা অনুসরণ করতে হবে।
নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব (নির্বাচন সহায়তা-৩) মোছা. রশিদা মিয়া স্বাক্ষরিত এ নির্দেশনা দেশের সকল জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

সূত্র: বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়।

