ঢাকাSunday , 27 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

দখলবাজির চূড়ান্ত পর্যায়ে মনে হয় দেশে কোনো সরকার নেই:

Link Copied!

দখলবাজির চূড়ান্ত পর্যায়ে মনে হয় দেশে কোনো সরকার নেই: হাসনাত কাইয়ূম

ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৬: রাজধানীর মিরপুরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দ।

https://www.facebook.com/share/v/1DRFiwkfLE/

রোববার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম।

তিনি বলেন, “দখলবাজির চূড়ান্ত পর্যায়ে মনে হয় যেন দেশে কোনো সরকার নেই, অথবা সরকার আছে কেবল দখলবাজদের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে নয়।”

https://youtu.be/m_WnIe6W4Cw?si=yCHOaUGBfWsf-flL

হাসনাত কাইয়ূম বলেন, একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে দিনের পর দিন স্বল্প আয়ের মা ও শিশুরা চিকিৎসা ও টিকা নিতে আসতেন। অথচ সেই প্রতিষ্ঠানটি রাতের আঁধারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রশাসনের কার্যকর ভূমিকা দেখা যায়নি বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের স্টুডিওসহ বেশ কয়েকটি স্থাপনায় রাতের অন্ধকারে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। পরপর এসব ঘটনা রাজধানীতে দখলবাজ চক্রের সক্রিয়তার প্রমাণ বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে প্রশাসন এসব ঘটনায় তাদের সহায়তা করছে বলেও অভিযোগ করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি।

জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন বলেন, জমি নিয়ে বিরোধ থাকতেই পারে। তবে এর সমাধান আদালতের মাধ্যমে হওয়া উচিত। রাতের অন্ধকারে দলবদ্ধভাবে হামলা চালিয়ে স্থাপনা গুঁড়িয়ে দেওয়া এবং তা প্রতিরোধে পুলিশের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এতে মনে হয় রাষ্ট্রের আইন, প্রশাসন ও সরকারের কার্যকর উপস্থিতি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হচ্ছে।

https://youtu.be/sOSEB4e79Og?si=5aQYEBojVLQXaXMQ

পরিদর্শন শেষে জেএসডি ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো—

১. রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রসহ সাম্প্রতিক সব দখলবাজি ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

২. পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

৩. রাজধানীসহ সারাদেশে ব্যবসায়িক ও ব্যক্তিগত বিরোধ বলপ্রয়োগের পরিবর্তে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি নিশ্চিত করতে প্রশাসনের কঠোর ভূমিকা নেওয়া।

৪. ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর ক্ষয়ক্ষতি পুষিয়ে দ্রুত কার্যক্রম পুনরায় চালু করতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া।

এ সময় জেএসডির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু, প্রচার সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী রোমানসহ দলটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া রাষ্ট্র সংস্কার আন্দোলনের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন কবিরাজ লিটন, পরিবেশ বিষয়ক সম্পাদক ইবনুল সাঈদ রানা, প্রান্তিক জনগোষ্ঠী বিষয়ক সম্পাদক শেখ নাসিরউদ্দিন, দপ্তর সম্পাদক ছামিউল আলম রাসু, রাষ্ট্র সংস্কার সাংস্কৃতিক আন্দোলনের আহ্বায়ক আবুল হোসেন অলি, রাবেয়া মুহিব, রোকন রকিসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাহক | রাজনীতি | জাতীয়

২৭ সেপ্টেম্বর ২০২৬ ইং