বিএনপি চাঁদাবাজের দল, ক্ষমতায় গেলে অবস্থা হবে ভয়াবহ: শায়েখে চরমোনাই
নিজস্ব প্রতিবেদক | বার্তাবাহক কিশোরগঞ্জ | ১৫ আগস্ট ২০২৫
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) বলেছেন, “বিএনপি চাঁদাবাজের দল। চাঁদার জন্য খুন করছে। চাঁদা না দেওয়ায় স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করছে। পুলিশকেও হুমকি দিচ্ছে। ক্ষমতায় যাওয়ার আগেই তাদের এই অবস্থা, ক্ষমতায় গেলে কী হবে তা সহজেই অনুমান করা যায়।”
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার আয়োজনে শহরের মোক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সারাদেশে খুন-লুণ্ঠন ও চাঁদাবাজি বন্ধ, পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং দেশ ও ইসলামবিরোধী সব ষড়যন্ত্রের প্রতিবাদে এই গণসমাবেশের আয়োজন করা হয়।
শায়েখে চরমোনাই অভিযোগ করেন, “আজ ছাত্রদল নিজেদের নেতাকর্মীদের হত্যা করছে, টর্চার সেল গঠন করে নির্যাতন চালাচ্ছে। ভোলায় বিএনপি নেতা চাঁদা না পেয়ে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে। বিএনপি নেতারা বলে আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে অনেক মামলা দিয়েছে, আমি বলি— আরও বেশি মামলা দেয়া উচিত ছিল।”
তিনি নেত্রকোনার ৫টি সংসদীয় আসনের জন্য ইসলামী আন্দোলনের ৫ প্রার্থীর নামও ঘোষণা করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন নেত্রকোনা জেলা শাখার সভাপতি মুফতি নুরুল ইসলাম হাকিমী। পরিচালনা করেন মুফতি ওয়ালি উল্লাহ ও ওমর ফারুক। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামী আইনজীবী ফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক মোর্শেদ, ইসলামী আন্দোলন নেত্রকোনা জেলা শাখার উপদেষ্টা আব্দুল কাইয়ূম, ইসলামী ঐক্যজোটের সম্পাদক আবু সায়েম ও জেলা জামায়াতে ইসলামীর সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান।

