দলের ভেতরে শুদ্ধি অভিযান আসছে এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে ভৈরবের চণ্ডীবের জেলেপাড়ায় নিম্ন আয়ের মানুষের এলাকায় উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এসব উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, দলীয় প্রভাব খাটিয়ে বিরোধপূর্ণ জমি কেনাবেচাসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে। নেতাকর্মীদের এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে, যাতে তাঁর বা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
তিনি বলেন, ‘সামনে দলের ভেতরে শুদ্ধি অভিযান আসছে। অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’
মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শরীফুল আলম বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদক নির্মূলে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আধুনিকায়নের পাশাপাশি আইনগত ব্যবস্থাও আরও কঠোর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এর আগে ভৈরবের চণ্ডীবের দক্ষিণপাড়া এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের প্রত্যেককে ৩৬ হাজার টাকা করে নগদ সহায়তার চেক, দুই বান্ডিল করে ঢেউটিন ও খাদ্যসামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, পৌর নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক | কিশোরগঞ্জ






