নিকলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: বনমালিপুরের ইটভাটা ভাঙা, শ্রমিক ও মালিকের ক্ষোভ
প্রতিবেদন:বার্তাবাহক কিশোরগঞ্জ
নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের বনমালিপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেসার্স সামীয়া ব্রিকসের ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, ইটভাটা অবৈধভাবে স্থাপিত এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে হওয়ায় পরিবেশ আইন লঙ্ঘন করেছে।
অভিযানে জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল ঘোষ ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মমিন ভূঁইয়া নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধি। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “আমরা পূর্বেই নোটিশ দিয়েছি। অবৈধ ভাটার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।”
অন্যদিকে মালিক মো. জহিরুল ইসলাম অভিযোগ করেন, “আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি। ২০২৬ সাল পর্যন্ত বৈধ অনুমোদনপত্র থাকা সত্ত্বেও আমাদের কাগজপত্র গ্রহণ করা হয়নি। এতে বড় ক্ষতি হয়েছে।” শ্রমিকরা জানান, ঈদের পর সংসার চালানোর প্রস্তুতি চলছিল, হঠাৎ ভাটা গুঁড়িয়ে দেওয়ায় তারা জীবিকা সংকটে পড়েছেন।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বনমালিপুরের এই ইটভাটা ২০০৯ সাল থেকে পরিচালিত হয়ে আসছিল। অভিযানে স্থাপনা ও উৎপাদিত ইট ভেঙে ফেলা হয়, যা প্রায় ৩০–৪০ জন শ্রমিককে সরাসরি প্রভাবিত করেছে। এর আগে নিকলী সদর ইউনিয়নের পশ্চিম কুরশায় মেসার্স আলতাব ব্রিকস নামের ইটভাটাও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধ্বংস হয়েছিল।
বার্তাবাহক কিশোরগঞ্জ
১৪ই আগস্ট ২০২৫

