ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ‘ওয়ান বক্স’ নীতি: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশে প্রস্তুত জামায়াতে ইসলামী
বার্তাবাহক কিশোরগঞ্জ ডেস্ক:
আগামী কয়েক দিনের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। চলতি বছরের শুরুতে দলটি বিভিন্ন ধাপে ২৯৯ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে। সেই ঘোষণার পর থেকেই এসব সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় মাঠপর্যায়ে গণসংযোগ, উঠান বৈঠক, কর্মী সমাবেশ ও সংগঠন পুনর্গঠনের কাজে ব্যস্ত সময় পার করছেন।
দলের নীতিনির্ধারণী সূত্র জানায়, কেন্দ্রভিত্তিক পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা এবং নির্বাচনী কেন্দ্রগুলোতে বিশৃঙ্খলা এড়াতে বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। অর্থাৎ নির্বাচনী প্রস্তুতির বড় একটি অংশই ইতোমধ্যে সম্পন্ন করেছে জামায়াত।
সূত্র মতে, এবারের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের লক্ষ্য— ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনায় ন্যায় ও সমতাভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন। এ লক্ষ্য সামনে রেখে দলটি নির্বাচনমুখী প্রস্তুতিতে কোনো ছাড় দিচ্ছে না। জুলাই জাতীয় সনদ, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) ভিত্তিক নির্বাচন পদ্ধতি কিংবা বিএনপিসহ অন্যান্য দলের রাজনৈতিক মতপার্থক্য নিয়ে জামায়াত নীরব পর্যবেক্ষণে থাকলেও দলটি নিজেদের কাঠামো অনুযায়ী অগ্রসর হচ্ছে বলে নেতারা জানিয়েছেন।
এদিকে জামায়াতে ইসলামী এবার ঐতিহ্যিক জোটবদ্ধ রাজনীতিতে যাচ্ছে না বলে জানানো হয়েছে। বরং সমমনা ইসলামি দলগুলোর সঙ্গে ‘ওয়ান বক্স পলিসি’ বা এক বাক্স ভোট কৌশলে এগোচ্ছে দলটি। অর্থাৎ, যার এলাকায় জনপ্রিয়তা ও জয়লাভের সম্ভাবনা বেশি— সেই প্রার্থীকেই বাকি ইসলামপন্থী দলগুলো সমর্থন দেবে।
ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম বলেন,
‘দেশের মানুষ ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। এবার জোট নয়, সব ইসলামি দলের ভোট যাবে এক বাক্সে। এতে ইসলামমনস্ক মানুষ বিভ্রান্ত হবে না।’
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন,
‘আমরা জোটে যাচ্ছি না। তবে দলগুলোর মধ্যে সমঝোতা হচ্ছে। একেক আসনে যে দলের প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনা বেশি তাকে সমর্থন দিয়ে সবাই মিলে কাজ করা হবে।’
দলীয় সূত্রে জানা গেছে, গাজীপুর-৬ আসনে ড. হাফিজুর রহমানের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। এখন বাকি নরসিংদী-৫ আসনের প্রার্থী ঘোষণা। অন্যান্য সম্ভাব্য প্রার্থীরা এলাকাভিত্তিক গণসংযোগে রয়েছেন। তবে সব প্রার্থী তালিকা এখনো চূড়ান্ত নয়।
সম্প্রতি ওমরাহ পালনসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তুরস্ক সফর শেষে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন,
‘প্রায় এক বছর ধরেই আঞ্চলিকভাবে প্রার্থী তালিকা জানানো আছে। সময়মতো কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে।’
তিনি আরও বলেন,
‘আমরা একা নির্বাচন করছি না। দেশ ও জাতির স্বার্থে সমমনা শক্তিগুলোকে সঙ্গে নিয়ে সবচেয়ে যোগ্যদের মনোনয়ন দেওয়া হবে।

