আন্তর্জাতিক যুব দিবসে কিশোরগঞ্জে আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি
আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হলো আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৬টায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ম্যাচের উদ্বোধন হয়।
ফাইনালে ৪নং ওয়ার্ড ১-০ গোলে ৭নং ওয়ার্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা দেখতে ভোরবেলা থেকেই মাঠজুড়ে ছিল দর্শকের উৎসাহ-উদ্দীপনা।
খেলা শেষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন শহর শাখা জামায়াতের আমির মাওলানা আ. ম. ম. আব্দুল হক। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, জেলা অফিস সেক্রেটারি মাওলানা এ. কে. এম. সানাউল্লাহ, জেলা যুব কমিটির সভাপতি খালেদ হাসান জুম্মন, শহর নায়েবে আমীর বদরুজ্জামান রুবেল ও সেক্রেটারি আবু নাছের মো. নয়িম।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নাজমুল ইসলাম বলেন, “যুব সমাজ দেশের উন্নয়নের বড় সম্পদ, কিন্তু স্বাধীনতার পরও আমরা তাদের যথাযথভাবে কাজে লাগাতে পারিনি। একটি কুচক্রী মহল যুবসমাজকে মাদক ও সন্ত্রাসের মাধ্যমে ধ্বংস করছে। ভবিষ্যতে ক্ষমতায় এলে যুবকদের দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করা হবে।”
পুরো ম্যাচ জুড়ে মাঠে উপস্থিত ছিলেন শহর ও জেলা জামায়াতের নেতৃবৃন্দ, খেলোয়াড়দের সমর্থক এবং ক্রীড়াপ্রেমী দর্শকরা। শহর শাখার সহকারী সেক্রেটারি মাহফুজুল হক মাসুমের সঞ্চালনায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।
বার্তাবাহক কিশোরগঞ্জ
১২ই আগস্ট ২০২৫

