কিশোরগঞ্জ থেকে কিছু যাবে না, শুধু কিশোরগঞ্জে আসবে: প্রতিমন্ত্রী শরিফুল আলম
কিশোরগঞ্জ থেকে নেত্রকোনার জারিয়া পর্যন্ত ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন স্থানান্তরের গুঞ্জন নিয়ে উদ্বেগের মধ্যে আশ্বস্ত করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম।
শনিবার (১২ জুলাই) কিশোরগঞ্জ জেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি বলেন, কিশোরগঞ্জবাসীর স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ অন্য কোথাও স্থানান্তরের বিষয়ে যে আলোচনা চলছে, সে বিষয়ে জনগণকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, “কিশোরগঞ্জ থেকে কিছু যাবে না, শুধু কিশোরগঞ্জে আসবে। আপনাদের আশ্বস্ত করছি, কিশোরগঞ্জের কোনো সম্পদ বা সুবিধা অন্য কোথাও নেওয়া হবে না।”
সভায় উপস্থিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের উদ্দেশে তিনি বলেন, জেলার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা ও জনসেবামূলক কার্যক্রম আরও শক্তিশালী করতে সরকার কাজ করে যাচ্ছে। কিশোরগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশাগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। মাদক নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, প্রশাসনিক তৎপরতা জোরদার এবং পরিবারভিত্তিক নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, মাদকমুক্ত কিশোরগঞ্জ গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
জেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির এ সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রতিমন্ত্রীর বক্তব্যে ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ নিয়ে চলমান উদ্বেগ অনেকটাই দূর হবে বলে মনে করছেন স্থানীয়রা।
বার্তাবাহক ডেস্ক | কিশোরগঞ্জ সংবাদ







