ভৈরবে ১ হাজার ৮ শত ইয়াবাসহ দুই নারী মাদককারবারী গ্রেফতার।
রিপোর্ট : বার্তাবাহক কিশোরগঞ্জ/ ৯ নভেম্বর ২০২৫ইং
ভৈরব (কিশোরগঞ্জ): ভৈরবে ১ হাজার ৮ শত পিস ইয়াবাসহ দুই নারী মাদককারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আকবরনগর বাসস্ট্যান্ড সংলগ্ন বাংলা হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন নাজমা বেগম (৫২), স্বামী গোলাম হোসেন ও আশা বেগম (৩৬), স্বামী মো. ফাইজুল ইসলাম। তারা দুজনই ভৈরব পুর মধ্য পাড়া এলাকার আবুল হোসেন ফকির বাড়ির বাসিন্দা।
এ তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। দুজনই দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতার দুই নারীর বিরুদ্ধে পরিদর্শক চন্দন গোপাল সুর বাদী হয়ে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। পরে তাদেরকে বিকেলে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
স্থানীয়দের মতে, নারী হওয়ায় তারা সহজেই বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করত। এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণে এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।







