এলপি গ্যাসের দাম কমলো, ১২ কেজি সিলিন্ডার এখন ১,৫২৮ টাকা।
ঢাকা, ২ জুলাই: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস/এলপিজি)-এর নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৮৫ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিইআরসি নতুন এ দর ঘোষণা করে। সংস্থাটি জানিয়েছে, নতুন মূল্য আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। লিটারপ্রতি অটোগ্যাসের মূল্য ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত ২ জুন বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল। একই সময়ে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়েছিল।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য কমে আসায় দেশীয় বাজারেও এর প্রভাব পড়েছে। নতুন এ মূল্য নির্ধারণে সাধারণ ভোক্তারা কিছুটা স্বস্তি পাবেন বলে ধারণা করা হচ্ছে।







