কিশোরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৫২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১৩৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
রবিবার (৪ অক্টোবর) কিশোরগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৪১ জন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ছাড়া ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ জন, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৪ জন, বাজিতপুরে ১২ জন, করিমগঞ্জে ৬ জন, কুলিয়ারচরে ৫ জন, পাকুন্দিয়ায় ৫ জন, নিকলীতে ৬ জন, তাড়াইলে ২ জন, কটিয়াদীতে ২ জন এবং হোসেনপুরে ২ জন ভর্তি রয়েছেন।

এছাড়া জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন এবং প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
সিভিল সার্জনের কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ৫৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর কিশোরগঞ্জে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৩১ জনে। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।






