কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচন ২০২৬: পরিচিত পাঁচ মুখের সম্ভাব্য লড়াই, জমে উঠছে রাজনৈতিক হিসাব-নিকাশ।পৌরসভা নির্বাচন-২০২৬ ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই তীব্র হচ্ছে। মেয়র পদে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক অঙ্গনের পরিচিত পাঁচজন সম্ভাব্য প্রার্থীকে ঘিরে ভোটারদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। যদিও এখনো নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেনি এবং সংশ্লিষ্ট দলগুলোর পক্ষ থেকেও চূড়ান্ত মনোনয়ন প্রকাশ করা হয়নি, তবুও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাদের নামই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।
সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাঈল মিঞা। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় রাজনীতিতে সক্রিয় এবং দলীয় বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে আসছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর চূড়ান্ত মনোনীত প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জেলা জামায়াতের নায়েবে আমির ও হয়বতনগর এ.ইউ. কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক। শিক্ষা ও ধর্মীয় অঙ্গনের পাশাপাশি তিনি দলীয় সাংগঠনিক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন শফিকুল আলম শিপলু। তিনি কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকার বাসিন্দা এবং ‘আলমগীর হোসেন সিটি’র ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া ‘আলমগীর হোসেন সিটি কল্যাণ সমিতি’র সভাপতির দায়িত্বও পালন করছেন।
আরেক সম্ভাব্য প্রার্থী হানিফ উদ্দিন রনক বর্তমানে কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। স্থানীয় রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডে তার সক্রিয় উপস্থিতি রয়েছে এবং তিনি দলীয় বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ করে আসছেন।
এদিকে মাওলানা কে এম নাজিমুদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ পৌর শাখার সভাপতি হিসেবেও মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চূড়ান্ত প্রার্থী তালিকা ও দলীয় মনোনয়ন ঘোষণার পর নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠতে পারে। তবে ভোটের মাঠে শেষ পর্যন্ত কারা থাকবেন, তা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত এবং নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার ওপর।
উল্লেখ্য, কিশোরগঞ্জ সদর উপজেলার ভোটার সংখ্যা প্রায় ২ লাখ ৯১ হাজার এবং হোসেনপুর উপজেলার ভোটার সংখ্যা প্রায় ২ লাখ ২৩ হাজার। তবে পৌরসভা নির্বাচনে শুধুমাত্র কিশোরগঞ্জ পৌরসভার ভোটাররাই ভোটাধিকার প্রয়োগ করবেন। উপজেলা-ভিত্তিক মোট ভোটার সংখ্যা পৌরসভার ভোটার সংখ্যার সমান নয়।
প্রতিবেদন: স্টাফ রিপোর্টার, বার্তাবাহক







