কুলিয়ার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় মোয়াজ্জেম হোসেন নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ছয়সূতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
![]()
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব আব্দুল্লাহপুরের শান্তি মোড় এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল করেন। এ ঘটনায় কুলিয়ারচর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম বাদী হয়ে ১৪ অক্টোবর থানায় মামলা করেন।
মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯(১), ৯(২), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা মামলাটির এফআইআর নম্বর ৯।
এর আগে বুধবার (১৪ অক্টোবর) রাতে মোয়াজ্জেম হোসেনকে তাঁর বাড়ির সামনে থেকে আটক করে পুলিশ। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
এদিকে মোয়াজ্জেম হোসেনকে আটকের পর স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন সমর্থক ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা করতে এগিয়ে যান এবং হুমকি-ধমকি দেন বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয় বিএনপির নেতাদের উপস্থিতি টের পেয়ে তাঁরা সেখান থেকে চলে যান।
উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আরশ মিয়া বলেন, “কোনো অবস্থাতেই নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগকে মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ দেওয়া হবে না। পরিস্থিতি ঘোলাটে হওয়ার আগেই আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিই এবং পুলিশ ফোর্সকে খবর দিই।”
এ ঘটনায় হামলা বা হুমকির বিষয়ে আলাদা কোনো অভিযোগ কিংবা মামলা হয়নি বলে জানা গেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার ও আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তাবাহক ডেস্ক






