কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানায় বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কিশোরগঞ্জ মডেল থানার দুজন, করিমগঞ্জের একজন, হোসেনপুরের একজন, কটিয়াদীর তিনজন, ভৈরবের একজন, নিকলীর দুজন এবং ইটনার একজন রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সদর থানার যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সেকান্দর আলী (৪৫), মাইজখাপন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. খোকন মিয়া (৫৫), হোসেনপুরের গোবিন্দপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. দুলাল মিয়া (৫৩), ইটনা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আবু তালেব (৪৩), করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মো. প্রান্ত (২৪), নিকলী থানা আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোহাম্মদ আলী বিজয় (৪১) ও মো. আলমগীর (৩০)।

এ ছাড়া ভৈরবের শ্রীনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. স্বপন আহমেদ (৪০), কটিয়াদী মডেল থানার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মো. মিয়াদ (৪০), আওয়ামী লীগের ইউপি সহসভাপতি মো. গোলাপ মিয়া (৫৮) এবং যুবলীগের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি তোতা মিয়া (৪২) রয়েছেন।
পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় চিরুনি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ আরও জানায়, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কিশোরগঞ্জকে নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে পুলিশ প্রশাসন সাধারণ জনগণ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছে।
ওমর ফারুক | বার্তাবাহক ডেস্ক






