কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ বাজারে ভর্তি এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস সরিয়ে কম ওজনের সিলিন্ডারকে ১২ কেজি গ্যাসের বলে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে মহিনন্দ বাজারে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম রাজিব মিয়া। তাঁর বাড়ি পাকুন্দিয়া উপজেলায়। তিনি মহিনন্দ এলাকায় শ্বশুরবাড়িতে থেকে এলপিজি ব্যবসা করতেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজিব তাঁর দোকানের ভেতরে বিশেষ যন্ত্রের মাধ্যমে ১২ কেজি ওজনের ভর্তি সিলিন্ডার থেকে প্রায় ৩ থেকে ৪ কেজি গ্যাস বের করে অন্য সিলিন্ডারে স্থানান্তর করছিলেন। পরে কম ওজনের সিলিন্ডারগুলো ১২ কেজি গ্যাসের বলে বিক্রি করা হতো।
মঙ্গলবার রাতে একইভাবে একটি সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে গ্যাস স্থানান্তরের সময় স্থানীয় লোকজন তাঁকে হাতেনাতে আটক করেন। পরে বিষয়টি সদর উপজেলা প্রশাসনকে জানানো হয়।
খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান মারুফ ঘটনাস্থলে যান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল ঘোষ পলাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজিব মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরে তাঁকে কিশোরগঞ্জ মডেল থানার মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সদর ইউএনও কামরুজ্জামান মারুফ বলেন, ওই ব্যবসায়ী স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে এভাবে এক সিলিন্ডারের গ্যাস অন্য সিলিন্ডারে স্থানান্তর করে কেনাবেচা করছিলেন। জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
বার্তাবাহক ডেস্ক | কিশোরগঞ্জ সংবাদ






