ঢাকাMonday , 12 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর কামরুল নিহত, মরদেহ দেশে ফেরানোর আকুতি পরিবারের

Link Copied!

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. কামরুল ইসলাম (২৬) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে দেশটির রাজধানী রিয়াদের বানবান এলাকায় পানিবাহী ট্যাংকারের সঙ্গে একটি লরির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুল ইসলাম কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বেতাল গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে প্রায় চার বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তিনি। সেখানে রিয়াদের বানবান এলাকার আল মদিনা কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন কামরুল।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে নাইট ডিউটি শেষে রুমে ফেরার পথে পানিবাহী ট্যাংকারের সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় লরিতে থাকা কামরুল ঘটনাস্থলেই মারা যান।

সৌদি আরবে অবস্থানরত একই এলাকার প্রবাসী বিল্লাল মিয়ার মাধ্যমে পরিবারের সদস্যরা কামরুলের মৃত্যুর খবর জানতে পারেন। ছেলের মৃত্যুসংবাদ পেয়ে শোকে ভেঙে পড়েন তাঁর বাবা জয়নাল আবেদীনসহ পরিবারের সদস্যরা।

কান্নাজড়িত কণ্ঠে জয়নাল আবেদীন বলেন, সংসারে সচ্ছলতা ফেরানোর আশায় ধারদেনা করে ছেলেকে বিদেশ পাঠিয়েছিলেন তিনি। কখনো ভাবেননি ছেলের মৃত্যুসংবাদ শুনতে হবে। এক বছর আগে ছুটিতে বাড়িতে এলে কামরুলকে বিয়ে করিয়েছিলেন। ছেলের মৃত্যুর পর এখন পুত্রবধূকে কীভাবে সান্ত্বনা দেবেন, তা বুঝতে পারছেন না তিনি। বাড়িতে একটি নতুন ঘর নির্মাণ করছিলেন কামরুল। তাঁর প্রশ্ন, এখন সেই ঘরে কে থাকবে?

কামরুলের স্ত্রী খাদিজা আক্তার আখি বলেন, ২০২৫ সালে তিন মাসের ছুটিতে দেশে এসে তাঁকে বিয়ে করেছিলেন কামরুল। স্বামীর মৃত্যুর খবর শুনে তিনি ভেঙে পড়েছেন। শেষবারের মতো স্বামীর মুখ দেখতে চান তিনি। একই সঙ্গে কামরুলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।

মসূয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাবেক ইউপি সদস্য জহিরুল ইসলাম জহির বলেন, কামরুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তাঁর বাড়িতে শোকের মাতম চলছে। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী ও বৃদ্ধ বাবা-মা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। তিনি কামরুলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

পরিবারের প্রত্যাশা, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত কামরুলের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে, যাতে স্বজনেরা শেষবারের মতো তাঁকে দেখতে পারেন।

বার্তাবাহক কিশোরগঞ্জ