কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের চরপুমদী গ্রামে মেসার্স মায়ের দোয়া ব্রিকসে মর্মান্তিক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক। আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
https://www.facebook.com/share/v/14r4iEcCmEx/
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ইটভাটায় শ্রমিকেরা কাজ করার সময় হঠাৎ ভাটার কিলিং বা চিমনির পাশের একটি দেয়াল ধসে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও দুইজন।
নিহতরা হলেন চরপুমদী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া ও একই গ্রামের সফুর উদ্দিনের ছেলে গোলাপ মিয়া।
আহতরা হলেন লোকমান হোসেনের ছেলে আন্নাছ মিয়া এবং হাদিস মিয়ার ছেলে হৃদয় মিয়া। দুর্ঘটনার পর তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
এ বিষয়ে ইটভাটার মালিক মোফাজ্জল হোসেন সজল বলেন, সকালে কয়েকজন শ্রমিক ইটভাটায় কাজ করতে যান। এ সময় তাঁদের ওপর দেয়াল ধসে পড়ে। এতে দুই শ্রমিক নিহত ও দুজন আহত হন।
একসঙ্গে দুই শ্রমিকের মৃত্যুতে চরপুমদী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের জীবিকা নির্বাহের জন্য কাজ করতে গিয়ে এমন মর্মান্তিক ঘটনায় শোকাহত স্বজন ও এলাকাবাসী।
তথ্য সূত্র : সত্যজিত শীল (সাংবাদিক)
বার্তাবাহক ডেস্ক






