করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু!
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শাহ আলম (৪৫) ও মোকাররম হোসেন (২৮) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে আপন চাচা-ভাতিজা।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চংনোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চংনোয়াগাঁও গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে শাহ আলম এবং নজরুল ইসলামের ছেলে মোকাররম হোসেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে শাহ আলম ও মোকাররম হোসেন জাল নিয়ে গ্রামের সামনের হাওরে মাছ ধরতে যান। এ সময় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়া বৈরী থাকায় এবং দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁরা বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজে বের হন। একপর্যায়ে হাওরের হাঁটুপানিতে তাঁদের মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। পরে পুলিশে খবর দেওয়া হয়।
স্থানীয়রা আরও জানান, মোকাররম হোসেন ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সম্প্রতি ছুটিতে এসে তিনি বিয়ে করেছিলেন। অন্যদিকে, শাহ আলম ধানবাহী নৌকায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান বলেন, বজ্রপাতে দুইজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
বার্তাবাহক ডেস্ক | কিশোরগঞ্জ সংবাদ







