কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে হাতেনাতে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নে এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন খন্দকার।
আটকরা হলেন—ফরিদপুর গ্রামের মোস্তাক মিয়ার ছেলে মো. রুমান মিয়া (২০) এবং একই গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে মো. মনির হোসেন (৩৫)।
মোবাইল কোর্টে রুমান মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং মনির হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
স্থানীয়রা জানান, মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।
বার্তাবাহক ডেস্ক







