ওমর ফারুক,স্টাপ রিপোর্টার বার্তাবাহক
কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র, বীর মুক্তিযোদ্ধা ও আইনজীবী অ্যাডভোকেট ফকরুল আলম আক্কাস আর নেই। সোমবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের নামাজে জানাজা সোমবার বাদ মাগরিব ভৈরবপুর উত্তরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

অ্যাডভোকেট ফকরুল আলম আক্কাস ভৈরব পৌরসভার টানা তিনবারের নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি ভৈরব ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করেছেন। মুক্তিযুদ্ধে তার অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বীর মুক্তিযোদ্ধা হিসেবে সর্বমহলে সম্মানিত ছিলেন।
তার মৃত্যুতে ভৈরবের রাজনৈতিক, সামাজিক, আইনজীবী ও মুক্তিযোদ্ধা মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সূত্র: মরহুমের পরিবার ও স্থানীয় সূত্র।







