কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি ধানক্ষেত থেকে রমজান মিয়া (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সুখিয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সহ-সভাপতি ছিলেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সুখিয়া ইউনিয়নের ঠুটারজঙ্গল গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রমজান মিয়া ওই গ্রামের তমিজ উদ্দীনের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে মাছ ধরার জন্য জাল নিয়ে বাড়ি থেকে বের হন রমজান মিয়া। এরপর সারাদিন পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন।
খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ৮টার দিকে বাড়ির পাশের একটি ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান জানান, রমজান মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।