কিশোরগঞ্জের তাড়াইলে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা
বার্তাবাহক কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের তাড়াইলে বসন্ত বাসফোর (৪৭) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার তাড়াইল-সাচাইল ইউনিয়নের পশ্চিম সাচাইল বালিগাতী গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় থানায় দায়েরকৃত অপমৃত্যু মামলার এজাহারে নিহতের ছেলে অলক বাসফোর (২০) জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে খাবার শেষে তার বাবা বোন ভারতী বাসফোরের সাথে কথা বলে নিজ ঘরে ঘুমাতে যান। পরদিন সকালে ভারতী বাসফোর কাজে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে টিনের বেড়ার ফাঁক দিয়ে দেখেন—বসন্ত বাসফোর শাড়ি গলায় পেঁচিয়ে বাঁশের আড়ার সাথে ঝুলে আছেন।
তার চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা ছুটে এসে থানায় খবর দিলে এসআই মোস্তাফিজ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বসন্ত বাসফোরের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”
১৪ সেপ্টেম্বর ২০২৫ইং

