কিশোরগঞ্জের কুলিয়ারচরে যুবদল নেতা মোহাম্মদ মামুন ভূঁইয়ার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন দুই আসামি। শুনানি শেষে আজিম নামে এক আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে, ছয়সূতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নিরবের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
গত সোমবার (১৯ অক্টোবর) দুই আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। মামলার ২ নম্বর আসামি আজিম জামিন পেলেও ৩ নম্বর আসামি নিরবের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর রাতে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় মামুন ভূঁইয়ার ওপর হামলার ঘটনা ঘটে। তিনি ছয়সূতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।
হামলার আগে ফেসবুক লাইভে এসে মামুন অভিযোগ করেন, এলাকায় মাদক নিয়ে কথা বলায় তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এ সময় তিনি কয়েকজনের নাম উল্লেখ করে মাদক ব্যবসার অভিযোগ তোলেন এবং নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
পরে ওই রাতেই দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় তাঁর ওপর হামলার অভিযোগ ওঠে। মামুনের ভাষ্য অনুযায়ী, কয়েকজন তাঁকে ঘিরে ধরে মারধর করেন এবং একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর গালে আঘাত করেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় গত ৪ অক্টোবর কুলিয়ারচর থানায় মামলা দায়ের করা হয়। মামলায় কয়েকজনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে আজিম ও নিরব যথাক্রমে ২ ও ৩ নম্বর আসামি হিসেবে উল্লেখ রয়েছেন।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক আজিমের জামিন এবং নিরবকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তাবাহক কিশোরগঞ্জ ডেস্ক






