Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাWednesday , 29 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

একদিনে মৃত্যুর ছায়া: সড়ক দুর্ঘটনা, পানিতে ডুবে, বজ্রপাত ও আত্মহত্যায় প্রাণ গেল ৫ জন

Link Copied!

কিশোরগঞ্জে একদিনে মৃত্যুর ছায়া: সড়ক দুর্ঘটনা, পানিতে ডুবে, বজ্রপাত ও আত্মহত্যায় প্রাণ গেল ৫ জন

নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জ | ২৯ জুলাই

কিশোরগঞ্জ জেলায় একদিনে সড়ক দুর্ঘটনা, পানিতে ডুবে মৃত্যু, বজ্রপাত ও আত্মহত্যাসহ পৃথক ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। একই দিনে জেলার বিভিন্ন স্থানে সংঘটিত একাধিক সড়ক দুর্ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। বার্তাবাহকের নিজস্ব অনুসন্ধান ও তথ্য যাচাইয়ে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে করিমগঞ্জ উপজেলার ঈশা খাঁ মোড় এলাকায়। সেখানে একটি পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হন। এ ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতাল ও কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

একই দিনে কটিয়াদি উপজেলার বানিগ্রাম এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন গুরুতর আহতসহ বেশ কয়েকজন আহত হন। ভৈরবে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশা ও একটি সিএনজিকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ১২ থেকে ১৬ জন আহত হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি বাজারের নতুন বাইপাস সড়কে একটি পিকআপের ধাক্কায় এক শিশু গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া সদর উপজেলার অন্য একটি এলাকায় গরুবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে দুটি গরু আহত হয়।

সড়ক দুর্ঘটনার বাইরে মিঠামইন উপজেলার ঘাগড়া এলাকায় পানিতে ডুবে আপন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই দিনে সদর উপজেলার চরপলাশ পূর্বপাড়া চাররাস্তার মোড়সংলগ্ন এলাকায় বজ্রপাতে মোহাম্মদ শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হন।

অন্যদিকে, মঙ্গলবার রাতে করিমগঞ্জ উপজেলার গুণধর এলাকার সুধী গ্রামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আত্মহত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

একদিনে ধারাবাহিক এসব দুর্ঘটনা ও মৃত্যুর ঘটনায় কিশোরগঞ্জজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিরাপদ সড়ক নিশ্চিত করা, বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

তথ্য যাচাই ও সংকলন:
মুহাম্মদ নূরে আলম
সম্পাদক, বার্তাবাহক

Click to listen highlighted text!