কিশোরগঞ্জের নিকলী উপজেলার কৃতি সন্তান ও দেশের সাঁতার অঙ্গনের পরিচিত মুখ আবুল হাসেম বাংলাদেশ সুইমিং ফেডারেশনের পক্ষ থেকে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন।
দীর্ঘদিন ধরে সাঁতার প্রশিক্ষণ ও সংগঠক হিসেবে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে “সেরা সাঁতার কোচ” এবং “সাঁতার সংগঠক” ক্যাটাগরিতে এ সম্মাননা প্রদান করা হয়।
বাংলাদেশে #সাঁতার খেলাকে জনপ্রিয় করে তোলা, নতুন প্রজন্মের সাঁতারু তৈরি এবং বিভিন্ন পর্যায়ে ক্রীড়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে আবুল হাসেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর নিরলস পরিশ্রম, নিষ্ঠা ও নেতৃত্বের কারণে অসংখ্য সাঁতারু জাতীয় পর্যায়ে নিজেদের মেধার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে।
আবুল হাসেমের এ অর্জনে #নিকলীসহ কিশোরগঞ্জের ক্রীড়াঙ্গনে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সুধীজনেরা মনে করেন, তাঁর এই সম্মাননা তরুণ সাঁতারুদের আরও উৎসাহিত করবে এবং দেশের সাঁতার উন্নয়নে নতুন প্রেরণা জোগাবে।
সাঁতার অঙ্গনে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের এ সম্মাননা প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শুভাকাঙ্ক্ষীরা। পাশাপাশি তাঁরা আবুল হাসেমের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।
বার্তাবাহক ডেস্ক |নিকলী সংবাদ







