ঢাকাSunday , 5 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ার কৃতীসন্তান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

Link Copied!

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার কৃতীসন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্য সমালোচক, বাংলা একাডেমির সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৫ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুরে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

বাংলা একাডেমির মহাপরিচালক ও তাঁর ছাত্র অধ্যাপক মোহাম্মদ আজম তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার দুপুরে মিরপুর-১ নম্বর এলাকায় একটি রেস্তোরাঁয় খাবার খেতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক ফজলুল হক। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া গ্রামে জন্মগ্রহণ করেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেন এবং বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বাংলা একাডেমির সভাপতির দায়িত্বও পালন করেন।

বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে তাঁর অবদান ছিল অনন্য। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ সাময়িকপত্র। এছাড়া ‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’, ‘রাজনীতি দর্শন’, ‘সাহিত্য চিন্তা’, ‘সংস্কৃতির সহজ কথা’সহ ২০টিরও বেশি গ্রন্থ রচনা করেন তিনি। তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘স্বদেশচিন্তা’সহ একাধিক গুরুত্বপূর্ণ গ্রন্থ।

সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮১ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে শিক্ষাঙ্গন, সাহিত্য অঙ্গন এবং কিশোরগঞ্জবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বার্তাবাহক ডেস্ক