রাজশাহীতে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার
বার্তাবাহক কিশোরগঞ্জ |১৬ই আগস্ট ২০২৫ |
রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামনশিকড় গ্রামে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন মিনারুল ইসলাম (৩০), তাঁর স্ত্রী মনিরা খাতুন (২৮), ছেলে মাহিম (১৪) ও মেয়ে মিথিলা (৩)।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগে পাঠায়।
ঘটনাস্থল থেকে দুটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। প্রথম চিরকুটে লেখা রয়েছে—
“আমি মিনারুল… আমরা চারজন আজ রাতে মারা যাব। এই মরার জন্য কারও কোনো দোষ নেই… প্রথমে আমার বউকে মেরেছি, তারপর আমার মাহিনকে, তারপর মিথিলাকে। এরপর আমি গলায় ফাঁস দিয়ে মরেছি।”
চিরকুট লেখার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে—
“পুলিশ কাকে না কাকে ফাঁসিয়ে টাকা খাবে।”
অপর চিরকুটে লেখা রয়েছে—
“আমি নিজ হাতে সবাইকে মারলাম… কারণ আমি একা মরে গেলে তারা কষ্ট ছাড়া কিছু পাবে না। আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে।”
রাজশাহী মহানগর পুলিশের মতিহার জোনের সহকারী কমিশনার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আর্থিক সংকট ও ঋণের দায়ে মানসিক চাপে পড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
পুলিশ বলছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
………..

