কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে সুলতান মিয়া (৩৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। ঢাকার বিমানবন্দর এলাকায় ট্রেন থেকে তাঁর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, ছিনতাইকারীদের হামলায় তাঁর মৃত্যু হয়েছে।
নিহত সুলতান মিয়া কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের বাজেপাঠধা গ্রামের দুলাল ফকিরের ছেলে। পরিবারের সদস্যরা জানান, গত ৫ অক্টোবর রাত ১০টার দিকে তিনি ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ এক্সপ্রেসে ওঠেন।
পরে ঢাকার বিমানবন্দর এলাকায় ট্রেন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশের কাছ থেকে সকালে মরদেহ বুঝে নেন পরিবারের সদস্যরা।
পরে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সুলতান মিয়ার দাফন সম্পন্ন হয়েছে।
পরিবারের অভিযোগ, ট্রেনে ছিনতাইকারীদের হামলার শিকার হয়ে সুলতানের মৃত্যু হয়েছে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এবং কীভাবে ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভ বিরাজ করছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।






